রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রতিবেদন সোমবার রাতে জমা দেওয়া হয়েছে।
কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম খান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানান।
তদন্তে কি পাওয়া গেছে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, রাতে প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।
গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে প্রায় ১০০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চটি ডুবে যায়। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খান। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
কমিটিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদফতরের পক্ষ থেকেও আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।