নামের মিলে ৪ মাস জেল খেটে মুক্তি পেলেন সালাম ঢালী

আসামির সঙ্গে নাম ও ঠিকানায় মিল থাকায় গ্রেপ্তারের পর চার মাস সাজা খেটে মুক্তি পেয়েছেন মুদি দোকানি মো. আবদুস সালাম ঢালী (৫৮)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

বাগেরহাট কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার বলেন, ‘মুক্তি সংক্রান্ত আদালতের আদেশের কপি হাতে পেয়ে সন্ধ্যায় আবদুস সালাম ঢালীকে ছেড়ে দেওয়া হয়।’

মুক্তির পর কারাফটকে সালাম ঢালী বলেন, ‘আমি নিরপরাধ। তারপরও আমাকে চার মাস জেল খাটতে হলো। আমাকে সামাজিকভাবে হেয়কারীদের বিচার এবং সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।’

এর আগে বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভার্চুয়াল) আদালত-৩-এর বিচারক তন্ময় গাইন নিরপরাধ সালাম ঢালীকে মুক্তির আদেশ দেন। একই সঙ্গে তিনি খুলনার সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার ম-লকে নিয়মিত আদালত চালুর ৭ কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে সালাম ঢালীকে গ্রেপ্তারের কারণ দর্শাতে নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার ম-ল বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুল করে নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি নিরপরাধ সালাম ঢালীকে মুক্তি এবং প্রকৃত অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।