দিনাজপুরে রেলমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট রেলওয়েকে সংকুচিত করেছিল

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার রেলওয়েকে সংকুচিত করেছিল। আর আওয়ামী লীগ সরকার রেলওয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।’ গতকাল সোমবার বেলা ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ‘বিরল স্থলবন্দর’ পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিরল স্থলবন্দরসহ উত্তরাঞ্চলের ১১টি স্টেশনের আধুনিকায়নের কাজ চলছে। উত্তরাঞ্চলকে কেউ এখন মঙ্গা এলাকা বলবে না।’ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১৩ সালের ২২ অক্টোবর দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে এক জনসভায় এ স্থলবন্দরের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী বিরলে স্থলবন্দর করা হয়।’

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।