যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনও ‘হাঁটু গভীরে’

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও ভয়ের কথা শোনালেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তার মতে, কভিড-১৯ এর প্রথম ধাপের সংক্রমণে এখনও ‘হাঁটু গভীরে’ আছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে সংক্রমণের যে উদ্বেগজনক ঘটনা ঘটছে তা রোধে অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম এই সদস্য।

করোনাভাইরাস পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে সোমবার ফেসবুক ও টুইটারে লাইভস্ট্রিমে আসেন ফাউসি। তার মতে, ব্যাপারটা এমন নয় যে যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বাড়ার আগে আক্রান্তের সংখ্যা আশাব্যঞ্জক অবস্থায় কমিয়ে আনা গিয়েছিল। বরং এখনো প্রথম ধাপের সংক্রমণই চলছে।

লাইভ স্ট্রিমে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিন্সকে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, “আমরা এখনো মহামারির প্রথম ধাপের সংক্রমণের হাঁটু গভীরে আছি। আমি বলব, বর্তমান পরিস্থিতি নতুন সংক্রমণ। এটা আগের অবস্থারই বাড়বাড়ন্ত রূপ বা পুনরায় বেড়ে ওঠা অবস্থা, যা সংক্রমণ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার ওপর বিশাল চাপ তৈরি করেছে।”

“এটা খুবই কঠিন পরিস্থিতি। আমাদের খুব দ্রুত এর কারণ খোঁজে বের করতে হবে।”

এ ব্যাপারে ইউরোপের উদাহরণ টেনে ফাউসি বলেন, “আপনি ইউরোপের গ্রাফগুলোর দিকে তাকালে দেখবেন, সংক্রমণ বাড়ার পর ন্যূনতম অবস্থায়ও নেমে এসেছিল। এখনও তাদের কিছু সংক্রমণ ঘটছে। তারা যখন সবকিছু খুলে দেওয়ার চেষ্টা করছে তখন এমন ঘটনা প্রত্যাশিত বলতে পারেন। কিন্তু আমাদের সংক্রমণ বাড়ার পর ন্যূনতম পর্যায়ে কখনই নামেনি। এখন সংক্রমণ আরও খারাপের দিকে যাচ্ছে।”

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই।

অর্থনীতির চাকা সচল করতে যখন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছি তখন প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। রেকর্ড শনাক্তের খবর আসছে অধিকাংশ রাজ্য থেকে। চলতি সপ্তাহে অন্তত ৩২ রাজ্য থেকে রেকর্ড আক্রান্তের খবর এসেছে।

আক্রান্ত আবার বেড়ে ওঠা নিয়ে ফাউসি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিতে পারলে প্রতিদিন ১ লাখ আক্রান্তও দেখতে হতে পারে যুক্তরাষ্ট্রকে।