ডেইলি মিরর ও এক্সপ্রেসে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

করোনাভাইরাস সংকটের কারণে পাঠকেরা অনলাইন মুখী হওয়ায় এবং বিজ্ঞাপণ থেকে আয় কমায় যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক মিরর ও ডেইলি এক্সপ্রেসে প্রায় ৫৫০ জন কর্মী ছাঁটাইয়ে পরিকল্পনা করছে সংবাদপত্র দুটির প্রকাশনা প্রতিষ্ঠান রিচ।

মঙ্গলবার এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা জানান রিচের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম মুলেন। তিনি বলেন, চলমান মহামারিতে মিডিয়া সেক্টরে দ্রুত গঠনগত পরিবর্তন হয়েছে। এর ফলে তাদেরকে ডিজিটাল উপাদান বৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে। কিন্তু সেই অনুপাতে বিজ্ঞাপন থেকে আয় আসছে না।

রিচ জানিয়েছে, প্রতিষ্ঠানের মোট জনশক্তির ১২ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে তারা। এর ফলে চাকরি হারাতে পারেন প্রায় ৫৫০ জন কর্মী। তাতে বার্ষিক খরচ বাঁচবে ৩ কোটি ৫০ লাখ ডলার।

মিরর, এক্সপ্রেস ছাড়াও রিচ যুক্তরাজ্যে বেশ কয়েকটি আঞ্চলিক পত্রিকা বের করে থাকে। সেসব প্রতিষ্ঠানের জনবল সংখ্যায়ও পুনর্গঠন চলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কমিয়ে আনা হবে কার্যক্রম পরিসর।

চলমান করোনা সংকটে আয়ে ব্যাপক টান পড়েছে বলেও জানিয়েছে রিচ। বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ২৭.৫ শতাংশ। সার্কুলেশন ও বিজ্ঞাপন কমাতে আয়ে এই নেতিবাচক প্রভাব পড়েছে।