করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. ফয়েজুল্লাহ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) কর্মরত ছিলেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
এফডিএসআরের হিসাব অনুযায়ী, করোনায় দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন চিকিৎসক।
সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে। আর শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।