জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডের কোচিংয়ের প্রশংসা করে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল বলেছেন, তিনি আমাদের খুব ভালোভাবে বুঝতে পারেন। করোনাকালে তার অনলাইনে দেওয়া দিক নির্দেশনাও খুব কাছে লাগছে বলে জানান তরুণ এই তারকা।
২০১৮ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন জেমি ডে। এ বছর মে-তে জেমির সঙ্গে বাফুফের চুক্তি শেষ হলেও সেটি দুই বছরের জন্য নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন চুক্তিতে আগস্ট থেকে জামাল ভূঁইয়া, সুফিলদের নিয়ে কাজ শুরু করবেন জেমি ডে।
সামনে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ আছে ৪টি। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প করার কথা জানিয়েছে বাফুফে।
মঙ্গলবার বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় সুফিল কোচের প্রশংসা করে বলেন, ‘প্র্যাকটিস সম্পর্কে জেমির পাঠ সবসময় আমাদের জন্য সহায়ক। তিনি আমাদের বোঝেন, তিনি জানেন আমাদের জন্য কি কাজ করবেন। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরাও তাকে বুঝতে পারি। জেমি আমাদের যা প্রয়োজন তা আমাদের দিয়েছে।’
করোনাকালে জেমি ডে অনলাইনে ফুটবলারদের নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সুফিল বলেন, ‘জেমি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তিনি সেখানে নির্দেশনা দেন।’
‘বিদেশি কোচিং স্টাফদের সাথে স্থানীয় কোচরাও আমাদের সার্বক্ষণিক পরামর্শক ও প্রদর্শক হিসেবে নিয়োজিত থাকেন। যেমন (মাসুদ পারভেজ) কায়সার ভাইয়ের কথা যদি বলি, জেমির সকল কৌশল প্রয়োগের ক্ষেত্রে তার একটি বড় ভূমিকা থাকে। সকল খেলোয়াড়দের সাথে তাদের বন্ধুসুলভ আচরণ এবং মাঠের বাইরেও ব্যক্তিগত সকল সমস্যায় তাদের অভিভাবকস্বরূপ আমরা পাশে পাই।’