কুড়িগ্রামে নেমেছে বন্যার পানি, ফসলের ব্যাপক ক্ষতি

কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন সড়কে অস্থায়ী চালা তুলে থাকা মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। এলাকায় কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন এলাকাবাসী। ডুবে থাকা নলকূপগুলো নষ্ট হয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। 

পানি নেমে যাওয়ার সাথে সাথে ফসলের ক্ষেতগুলোর বিবর্ণ চেহারা ফুটে উঠছে। পাটের আংশিক ক্ষতি হলেও আউশ ধানসহ বিভিন্ন ধরনের সবজি, মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম খামার বাড়ি জানাচ্ছে, বন্যায় ৯ উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির বিন্নি ফসল ক্ষতি হয়েছে। এর মধ্যে পাট ৫ হাজার ৮৪০ হেক্টর, বীজতলা ৫৩২ হেক্টর,  আউশ ধান ১ হাজার ৯৫৫ হেক্টর ও সবজিক্ষেত ৮৬০ হেক্টর সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

জেলা ত্রাণ পুনর্বাসন শাখা জানায় ৯ উপজেলার ৫৬ টি ইউনিয়নের ৩৭ কিলোমিটার কাঁচা রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এছাড়া ২০০ মেট্রিকটন চাল ও ২ হাজার প্যাকেট শুকনা খাবার পাওয়া গেছে।