বদরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার  শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের এক শিক্ষার্থী (১৫)-কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ওই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু্ (৪০)। শিক্ষক মনোয়ারুল ইসলাম সদর উপজেলার পুটিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

মঙ্গলবার ওই শিক্ষার্থী বাদী হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ জুন সকালে ওই শিক্ষার্থীকে ফরম পূরণের কথা বলে স্কুলে ডেকে নেন শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু। এ সময় স্কুলে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষক প্রথমে ওই শিক্ষার্থীর হাত বাঁধে এবং পরে রুমাল দিয়ে মুখ বেঁধে খালি শ্রেণিকক্ষে ধর্ষণ করে। এরপর ওই শিক্ষার্থীকে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বিষয়টি জানাজানি হলে  ওই শিক্ষার্থী বদরগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

এ বিষয়ে বিদ্যালয় বন্ধ থাকায় প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।               

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।