মহামারির অস্বাভাবিক পরিস্থিতিতে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন (আরপিও) সংশোধনের তৎপরতা অনতিবিলম্বে স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
কমিশন কর্তৃক ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন- ২০২০’ এর খসড়া প্রস্তাবনা সম্পর্কে মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ইসির সচিব বরাবর ৮ দফা সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশ ই-মেইলে পাঠানো হয়।
ইসির কাছে পাঠানো প্রস্তাব ও সুপারিশসমূহ সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
এতে ৮ দফা প্রস্তাবনার মধ্যে প্রথমেই আরপিও সংশোধনের ইসির উদ্যোগকে চরম দায়িত্বহীনতা ও অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করা হয়েছে। কারণ এসব বিষয়ে মতামত গঠনের জন্য যে ধরনের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন তা এখন অনুপস্থিত। তাছাড়া সরকার ও সরকারি দলকে আরও খুশি রাখতে ও বাড়তি রাজনৈতিক সুবিধা দিতে আইন সংশোধনের এত তড়িঘড়ি কিনা রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে এই উদ্বেগ-উৎকণ্ঠাও তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে দলটি।