করন জোহরের যমজ সন্তানকে খুনের হুমকি

নেট দুনিয়ায় ক্রমাগত আক্রমণ, হুমকির কারণ! মানসিকভাবে ভেঙে পড়েছেন করণ জোহর। কেউ ফোন করলেই দিন-রাত কাঁদছেন, জানালেন পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষানলে পড়ে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছেন করণ জোহর। ইতিমধ্যেই বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, করণের তিন বছর বয়সী যমজ সন্তানদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে! উপরন্তু, করণ-ঘনিষ্ঠ সব অভিনেতা-অভিনেত্রীদেরও নেট দুনিয়ায় যেভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না ধর্ম প্রযোজনা সংস্থার সর্বেসর্বা করণ জোহর।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই অভিমানে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন করণ। উপরন্তু নেট দুনিয়ায় জোর সমালোচনার কারণে চ্যানেল কর্তৃপক্ষও তার জনপ্রিয় চ্যাট শো নিয়ে আসতে সন্দিহান এই মুহূর্তে! এমতাবস্থায়, করণ জোহর মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন বলেই জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।

সুশান্তের আকস্মিক মৃত্যু যে গোটা বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারেননি! নেপোটিজম থেকে শুরু করে প্রতিপত্তিশালীদের হুমকি দেওয়া, এমন অনেক বিষয়ই উঠে আসছে। নেপোটিজম নিয়ে অভিযোগের তীর মূলত করণ জোহরের দিকে। তবে নেট দুনিয়ায় ক্রমাগত আক্রমণের পরও এই বিষয়ে কোনোরকম মুখ খোলেননি করণ। কারণ? তার আইনজীবীরা এই মুহূর্তে তাকে চুপ করে থাকারই পরামর্শ দিয়েছেন। জল এত দূর গড়িয়েছে যে, নেটিজেনদের কদর্য মন্তব্য বাণে বিদ্ধ হয়ে করণ টুইটারে সমস্ত তারকাদের আনফলো করে দিয়েছেন।

ঠিক কী বললেন করণের বন্ধু? ‘এই মুহূর্তে কোনোরকম কথা বলার অবস্থাতেও নেই করণ। ভাগ্যের কাছে হেরে যাওয়া এক মানুষে পরিণত হয়েছে ও। যখনই ওকে আমরা বন্ধুরা ফোন করি, ও কান্নাকাটি শুরু করে দেয়। দিন-রাত চোখের জল ফেলছে আর একটাই প্রশ্ন করছে যে, কী অন্যায় ও করেছে যে ওকে এমন ব্যবহার পেতে হচ্ছে! ওকে নিয়ে খুবই চিন্তায় আছি’, জানান করণের বন্ধু।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, ‘করণ যেভাবে বহু বছর ধরে ট্রোলড হয়ে আসছে, ও ভেবেছিল যে ওর গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর থেকে যে ব্যবহারটা ও পেল, তাতে আর নিজেকে সামলাতে পারছে না ও! পাশাপাশি ওর কাছের মানুষদেরও যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে সত্যিই ভীষণ বিচলিত হয়ে পড়েছে করণ। এমনকি, ওর মাত্র তিন বছর বয়সী ছেলে-মেয়েকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়! অনন্যা পাণ্ডের সঙ্গে যেখানে সুশান্তের কোনো যোগাযোগও নেই, তাকেও সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা করার পরামর্শ দেওয়া হচ্ছে সুশান্তের মৃত্যুশোক ভোলার জন্য! অনুরোধ করছি, এ রকম ব্যবহার করবেন না। অনন্যা বাচ্চা মেয়ে।’