ভারতের ‘বিশেষজ্ঞ’ জুয়াড়িকে গ্রেপ্তার

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত অভিযোগে রাভিন্দর দান্দিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতের পাঞ্জাব রাজ্য পুলিশ। তার বিরুদ্ধে মোহালিতে হওয়া একটি টি-টোয়েন্টি ম্যাচ পাতানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ম্যাচটি ভারতের মোহালিতে হলেও অনলাইনে প্রচারে বলা হচ্ছিল সেটি শ্রীলঙ্কায় হচ্ছে। গত বৃহস্পতিবার রাজেশ গার্গ ও পঙ্কজ অরোরা নামের দুই বাজিকরকে আটকের ঘটনার পর দান্দিওয়ালকে গ্রেপ্তার করল পুলিশ।

দান্দিওয়ালের ফেইসবুক প্রোফাইলে পরিচয় তিনি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’-এর প্রধান। লোকটা আসলে বড় মাপের জুয়াড়ি। ক্রিকেট ও টেনিসে বিস্তর ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত এই ব্যক্তিকে আগে থেকেই নজরে রেখেছিল আইসিসি ও বিসিসিআই। আর আন্তর্জাতিক ম্যাচ পাতানো চক্রের ‘কেন্দ্রীয় চরিত্র’ হিসেবে তাকে চিহ্নিত করেছিল অস্ট্রেলিয়া। দেশটির দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জুনে জানিয়েছিল, দান্দিওয়াল থাইল্যান্ড, ব্রাজিল ও মিসরে টেনিস ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ায় নানা রকম টি-২০ লিগ আয়োজন করে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত তিনি।