ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত বিল

নিয়মিত আদালত খোলা পর্যন্ত নিতে বাধা নেই

গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত মূল্য নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর সুপ্রিম কোর্টের চেম্বার আদলতের দেওয়া ১৬ সপ্তাহের স্থগিতাদেশ কিছুটা সংশোধন হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী ১৬ সপ্তাহের পরিবর্তে নিয়মিত আদালত না খোলা পর্যন্ত হাইকোর্টের ওই আদেশটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। এ আদেশের ফলে ওই সময় পর্যন্ত গ্রাহকদের কাছে পানির ২৫ শতাংশ বর্ধিত মূল্য নিতে বাধা নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিয়মিত আদালত খুললে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে বলে জানান ব্যারিস্টার তানভীর।

এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের ওপর গত ২২ জুন এক আদেশে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেয়। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় ঢাকা ওয়াসা। গত ৩০ জুন হাইকোর্টের আদেশের ওপর ১৬ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল চেম্বার আদালত।