ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছেলে কুপিয়ে হত্যা করেছেন বাবাকে। রাজবাড়ীর পাংশায় এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া ও ঠাকুরগাঁওয়ের হরিপুরের নাগর নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর
ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা হুমায়ুন কবির চৌধুরী (৭০)। এ সময় আহত হয়েছেন তার মা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। ছেলে রাজীব চৌধুরীকে (৩৬) আটক করেছে পুলিশ।
রাজবাড়ী : পাংশায় শাহ আলম ম-ল ওরফে সাহা নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কৃষক শাহ আলম ম-ল পাংশা পৌরসভা এলাকার জহুর আলী ম-লের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে কৃষিকাজ করতে শাহ আলম ম-ল ও তার ছেলে প্রতিবেশী ওলিমউদ্দিন বিশ্বাসের জমির ওপর দিয়ে পাওয়ার টিলার নিয়ে মাঠে যাওয়ার সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওলিমউদ্দিন বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাস, ছলেমান বিশ্বাস ও সাইদুল বিশ্বাস কৃষক শাহ আলমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দাইল গ্রামে করতোয়া নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও : হরিপুর উপজেলার ডাবরী সীমান্তঘেঁষা নাগর নদী থেকে রাজু মিয়া (১৮) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজু হরিপুর উপজেলার তুলাদীঘি গ্রামের রফিক মিয়ার ছেলে।