ইব্রাহিমোভিচদের কাছে উড়ে গেল রোনালদোরা

করোনাভাইরাস সংকট পরবর্তী ফুটবলে অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচ মধ্যকার প্রথম লড়াই দেখল ইতালিয়ান সেরি। গোল পেয়েছেন দুজনই। কিন্তু শেষের ঝড়ে ইব্রাহিমোভিচের এসি মিলানের কাছে উড়ে গেল রোনালদোর জুভেন্তাস।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইতালির শীর্ষ ফুটবল লিগের ম্যাচটিতে ৪-২ গোলে হারে শেষ দিকে খেই হারানো কোচ মাওরিসিও সাররির দল। শেষের পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক মিলান।

গোলশূন্যতায় শেষ হয় দল দুটির লড়াইয়ের প্রথমার্ধ। উভয় দল গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ছয়টি গোলের সবকটি আসে দ্বিতীয়ার্ধে।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন মিলানের আদ্রিয়েন রাবিও। অনেকটা একক প্রচেষ্টায় গোলটি ফরাসি এই সেন্ট্রাল মিডফিল্ডার।

ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সতীর্থ হুয়ান কুয়াদরাদোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝিতে নিয়ে বাঁ পায়ের শটে জালে বল জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড। চলতি লিগে এটা তার ২৬তম গোল।

ম্যাচের বাকিটায় শুধু মিলানের দাপট। ৬২ তম মিনিটে ইব্রাহিমোভিচের স্পটকিক থেকে একটি গোল শোধ করে স্বাগতিক দল। ডি-বক্সে জুভেন্তাসের সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চির হাতে বল লাগলে ভিএরআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এরপর আরও জ্বলে ওঠে মিলান।  চার মিনিট পরই ম্যাচে সমতা ফেরান দলটির আইভরিয়ান মিডফিল্ডার ফ্রান্সিস কেসি।

সমতা ফেরানোর এক মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান পর্তুগিজ তরুণ ফরোয়ার্ড রাফায়েল লেও। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জুভেন্তাসের কফিনে শেষ পেরেক ঠুকেন আন্তে রেবিচ।

ম্যাচটিতে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট আছে জুভেন্তাসের। ৩১ ম্যাচ ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সাত পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লাৎসিও।

আর জুভেন্তাসকে উড়িয়ে দেওয়া মিলান আছে পঞ্চমস্থানে। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৪৯।