গালাটা টাওয়ারে পাখির বাসা, তাই বন্ধ হলো কাজ

পাখিদের কথা ভেবে তুরস্কের বিখ্যাত গালাটা টাওয়ারের সংস্কার কাজ বন্ধ রাখা হয়েছে। পাখিগুলোকে অন্য কোথাও না নেয়া পর্যন্ত কাজ শুরু হবে না বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নূরী এরশয়।

‘কাজের সময় আমরা এই পাখিদের প্রতি অমানবিক আচরণ করতে পারি না। যতদিন পর্যন্ত পাখিদের অন্য জায়গায় না নিতে পারছি, ততদিন কাজ বন্ধ থাকবে।’

টাওয়ারের কাজ শেষ হলেও পাখিদের বাসার জন্য বিশেষ সুবিধা রাখার কথা জানিয়েছেন মন্ত্রী।

৬৭২ বছর বয়সী এই টাওয়ারের কাজ করছে ইস্তাম্বুলের মহানগর পৌরসভা।

প্রজনন ঋতুতে পাখিরা এই টাওয়ারের উপরের দিকে বাসা বাঁধে। শতশত পাখি এই সময় দেখা যায় সেখানে।

দেশটির ডেইলি নিউজ জানিয়েছে, সেপ্টেম্বরের ভেতরে পাখিদের বিশেষ প্রক্রিয়ায় অন্য কোথাও নেয়া হতে পারে।

গালাটা টাওয়ার ইস্তাম্বুলের অন্যতম উঁচু একটি টাওয়ার। ১৪ শতকের দিকে এটি নির্মাণ করা হয়।