দিনাজপুরের হাকিমপুরে হিলিতে মৃত মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুর রাজ্জাকের পরিবারকে পাকা টিনশেডের ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাকে এই ঘর প্রদান করা হয়।
বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কার্যালয়ে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী সফুরা বেওয়ার হাতে ঘরের চাবি তুলে দেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫ লাখ টাকা ব্যয়ে হিলির ফকিরপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারকে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সফুরা বেওয়া বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর পেয়ে আমরা খুব খুশি। ছেলে-মেয়েদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই হলো। বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগ আমাদের মতো অসহায় পরিবারের সহায় হয়ে দাঁড়াবে।
সেনাবাহিনীর ৪ হর্স ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী বলেন, আমাদের যারা মুক্তিযোদ্ধা সেনাসদস্য আছেন, তারা আমাদের সেনাবাহিনীর গর্ব। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমাদের এই একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের যারা গৃহহীন মুক্তিযোদ্ধা সেনাসদস্য আছেন তাদের জন্য গৃহনির্মাণ প্রকল্প হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে হিলিতে মুক্তিযোদ্ধা সেনাসদস্যের পরিবারের নিকট গৃহনির্মাণ করে তার চাবী হস্তান্তর করেছি। এ পর্যন্ত আমরা ১৪টি মুক্তিযোদ্ধা সেনাসদস্যের পরিবারের জন্য ঘর নির্মাণ করে তার চাবি তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি।