ফিরল আন্তর্জাতিক ক্রিকেট

ম্যাচটা ঘিরে অধীর অপেক্ষায় ছিল সবাই। ১১৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে বলে কথা। কিন্তু বেরসিক বৃষ্টি শুরুতেই বাধা হয়ে দাঁড়াল। সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশন পুরোটাই ভাসিয়ে নিল। লাঞ্চের পর অবশ্য মাঠে বল গড়ায়। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট মঠে ফিরল তাতে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। যেটি শেষ পর্যন্ত শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। বৃষ্টির কারণে টসও হয়েছে দেরিতে। স্বাগতিক ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে।

রোজ বোলে ম্যাচটা শুরু হতেই রিকি পন্টিং টুইট করেছেন, ‘টেস্ট ক্রিকেট ফিরে এসেছে, কি দারুণ।’ আসলে এটা বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মনের কথা।

ম্যাচের শুরুতে বিশ্বজুড়ে করোনায় মৃত ও ক্যারিবীয় কিংবদন্তি এভারটন উইকস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দুই দলের খেলোয়াড়, আম্পায়ার, মাঠ কর্মীরা হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ক্যাম্পেইনকে সমর্থন জানান। দুই দলের জার্সিতেও রয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো।

ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে বাইরে রেখে একাদশ সাজিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। সঙ্গে সাইডলাইনে জায়গা নিতে হয়েছে ক্রিস ওকসকেও। পারিবারিক কারণে নিয়মিত অধিনায়ক জো রুট খেলছেন না।

ক্যারিবীয়রা রাহকিম কর্নওয়ালকে বাইরে রেখেছে। সঙ্গে প্রথম টেস্টে সুযোগ মেলেনি এনক্রুমা বোনার, চেমার হোল্ডার ও রেমন রেইফারের।

ইংল্যান্ড একাদশ:

রোরি বার্নস, ডোমিনিক সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডমিনিক বেস, জোফরা আর্চার, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

জন ক্যাম্পবেল, ক্রেগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, শাই হোপ, রোস্টন চেস, জারমেইন ব্ল্যাকউড, শেন ডরিচ (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেপ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।