কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিস। 

মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মাসহ তিনজনই নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ৫০ থেকে ৭০র মধ্যে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের কালিশংকরপুরের বাসিন্দা ডা. হোসেন ইমামের মা ফাতেমা বেগম(৫৮), কাষ্টমমোড় চৌড়হাস এলাকার করোনায় মৃত আহম্মেদ লিটনের মা আলেয়া খাতুন (৫৮), বারখাদা এলাকার গৃহবধু মেনুকা বেগম (৩০) এবং কমলাপুর এলাকার হাজী গোলাম হোসেন (৭০)।

একদিকে বাড়ছে আক্রন্তের সংখ্যা, অন্যদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লংঘনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন শহরের ব্যবসায়ীরা। এতে বিশেষকরে কুষ্টিয়া সদর উপজেলার পৌর ও শহর এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ছাড়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ৮১৫ জনে দাঁড়িয়েছে। 

দীর্ঘ ২ সপ্তাহ লকডাউন শেষে বুধবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় খুলে দেওয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা থেকে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনায় মৃত চারজন হলেন-  কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী, কমলাপুর, স্টেডিয়ামপাড়া বা কালীশংকরপুরের বাসিন্দা। তারা সবাই কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছিলেন। এ পর্যন্ত জেলায় ১৯ জন কোভিডে মারা গেলেন।