প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করব: আমু

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল সৃষ্টি হয়েছিল। তিনিই এই দলের চেয়ারপারসন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।

বুধবার ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার বিকেলে ডিজিটাল মাধ্যমে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

তিনি বলেন, আওয়ামী লীগের সা্ধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারলাম আমাকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। আমি এই জন্য আমি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, ১৪ দল যখন সৃষ্টি হয় তখন আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কঠিন অগ্নিঝরা দিনগুলোতে স্বৈরাচার বিরোধী ও খালেদা জিয়া বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম। সেই পুরোনো দিনের কথা স্মরণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সৃষ্টি হয়েছিল। তিনিই আমাদের ১৪ দলের চেয়ারপারসন। ১৪ দলের মূল নেতা হচ্ছেন তিনি। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগুলো আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি। আন্দোলন, সংগ্রামের জন্য তিনি যে যৌথ কর্মসূচি তিনি দিয়েছিলেন আমরা তার সবগুলো বাস্তবায়ন করেছি।

আমু বলেন, আজকেও করোনা মোকাবিলায় তার যে কর্মসূচি এবং নির্দেশনা সেগুলো সঠিক ভাবে বাস্তবায়িত হলে এবং লকডাউনটা যদি সঠিকভাবে পুরোপুরি সফল করা যায় তাহলে বেশি সংক্রমিত হতে পারবে না। সচেতনা সৃষ্টি করাই আজকে মূল কাজ। আমি ১৪ দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, তারা যেন এইদিকে বিশেষভাবে দৃষ্টি দেন।

প্রবীণ এই নেতা বলেন, আমি পরবর্তীতে ১৪ দলের নেতাদের সঙ্গে আলাপ করব। প্রধানমন্ত্রী যে নির্দেশনা্ দেবেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।

জোটের নতুন সমন্বয়ক বলেন, এতদিন পর্যন্ত যিনি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি তার অসুস্থ শরীর নিয়েও এই ১৪ দলের জন্য অনেক কাজ করেছিলেন। ১৪ দলকে তিনি সচল রেখেছিলেন। সকল কর্মসূচিকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাকে হারিয়ে ১৪ দলের অনেক ক্ষতি হয়েছে। আমি চেষ্টা করব সেই ক্ষতিগুলো পূরণ করতে।