পিপিই পরে গয়নার দোকান থেকে সোনা নিয়ে চম্পট চোরের

করোনা রেহাই পেতে মাস্ক, গ্লাভসসহ অনেকে ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক (পিপিই) পরে রাস্তায় বের হন। এই দৃশ্য এই মুহূর্তে একেবারেই পরিচিত। 

এর মধ্যে পিপিই পরে এক স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনাও ঘটেছে। করোনার সুযোগে ভারতের মহারাষ্ট্রে এমন দুর্ধর্ষ কাণ্ড ঘটিয়েছে চোরেরা।

এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের সাতারা জেলার একটি গয়নার দোকানে ঢুকে পড়ে ৭৮০ গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় চোরের দল। তাদের সবাই পিপিই পরা অবস্থায় ছিল।

পুলিশ তদন্তের জন্য দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। চোররা শোকেস এবং আলমারি থেকে কিছু সোনার গয়না চুরি করে গেছে বলে পুলিশ জানিয়েছে।

ফুটেজে দেখা গিয়েছে টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়নাগুলি চুরি করছে চোরেরা।

পুলিশ জানিয়েছে, স্বর্ণালংকারের দোকান মালিকের অভিযোগের পরে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  দোকানের মালিক জানান, চোরেরা দোকানের দেয়াল ভেঙেই ভেতরে ঢোকে।