ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫ গোলের থ্রিলার জয়ে লেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিনে উঠে গেল চেলসি। মঙ্গলবারের জয়ে শীর্ষ চারে থাকা অনেকটাই পাকা করল ব্লুজরা। প্যালেসের মাঠে ৩-২ গোলের জয়ে গত ৮ ম্যাচে সপ্তম জয় তুলে নেয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। তাদের গোলগুলো করেছেন অলিভার জিরুদ, ক্রিশ্চিয়ান পুলিসিচ ও টমি আব্রাহাম।
লেস্টার সিটিকে ৩ থেকে হটানোটা চেলসির সম্ভব হয়েছে লেস্টারের কারণেই। আর্সেনালের মাঠে ১-১ গোল ড্র করেছে ফক্সরা। ১০ জনে পরিণত হওয়া আর্সেনালকে পেয়েও জিততে পারেনি লেস্টার। তাই চারে নেমে যেতে হয়েছে দলটিকে।
৩৪ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট চেলসির। এক পয়েন্ট পেছনে পড়ল লেস্টার। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকার দ্বিতীয়তে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট দূরে চেলসি। মৌসুমের বাকি ম্যাচগুলো চেলসি ধারাবাহিক জিতলে আর সিটি হোঁচট খেলে রানারআপ হওয়ার সুযোগ থাকবে ব্লুজদের।