বাংলাদেশের ক্রিকেটারদের সংস্থা কোয়াব দেশের আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বিশেষ একটা সিদ্ধান্তে পৌঁছেছে। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ দাবি করবে তারা। এই মৌসুমে মার্চের মাঝামাঝি সময়ে এক রাউন্ডের খেলার পরই ঢাকা লিগ করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার রাতে কোয়াবের শীর্ষ কর্তারা খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাদের আমন্ত্রণে অনলাইন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বৈঠকে উপস্থিত ক্রিকেটারদের সঙ্গে এই পরিস্থিতিতে বিসিবির ভবিষ্যৎ ভাবনা ও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তারা। ক্রিকেটারদের সভায় এই সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যেন ঢাকা লিগ দিয়ে শুরু হয় সেই অনুরোধ বোর্ডের কাছে করা হবে। আর মাসখানেকের মধ্যেও যেহেতু ঢাকা লিগ শুরু করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে তাই ক্রিকেটারদের প্রাপ্য অর্থের ৫০ শতাংশ ক্লাবগুলোর কাছে চাওয়া হবে।