শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা দেওয়াসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীরা। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলেও জানান নেতারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন,বর্তমান করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো কিন্ডারগার্টেন স্কুলগুলোর অবস্থাও শোচনীয়।সরকার যদি প্রণোদনা না দেয় তাহলে ৭৫ ভাগ কিন্ডারগার্টের স্কুল বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা।
এ সময় শিক্ষকরা আরও বলেন, এরই মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। কেউবা চাকরি হারিয়ে হকার বা কাঁচা সবজি বিক্রি করে জীবন যাপন করছেন। এ ছাড়া অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়াবাড়িতে পরিচালিত হওয়ায় বাড়ি ভাড়া, শিক্ষকদের বেতন দিতে না পারায় আর্থিক চাপের মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।