২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ নাগরিক ইন্টারনেটে সংযুক্ত হবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ নাগরিককে ইন্টারনেটে সংযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেবার ৯০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা হবে।’ এছাড়া একই সময়ে আইটি ও আইটিইএস খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০০ কোটি টাকা আয় হবে। গতকাল বুধবার আন্তর্জাতিক সংস্থা এশিয়ান প্রডাক্টিভিটি অর্গানাইজেশন, জাপান হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কভিড ১৯ সময়ে জনগণের সচেতনতা ও সেবায় নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সময়ে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কভিড পরবর্তী সময়ের জন্য ইতিমধ্যেই একটি আইসিটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।