মানিকগঞ্জে পানির নিচে ৪ হাজার হেক্টর জমির ফসল

মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও ৪ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে। মানিকগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি কমেছে যমুনা নদীর।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে পানি কমতে শুরু করলেও জেলার অনেক গ্রামের মানুষ এখনও পানিবন্দি রয়েছে। হাজার হাজার হেক্টর জমির ফসল বানের পানিতে তলিয়ে গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে পশু মোটাতাজরণ খামারিরা রয়েছেন বিপাকে। এসব এলাকায় পশুখাদ্য সংকটে পড়েছে।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-সহাকারী কৃষি কর্মকর্তা গ্যানেশ চন্দ্র বলেন, জেলার ৭টি উপজেলার বিভিন্ন গ্রামের বোনা আমন, আউশ, ঢেড়স, মরিচসহ বিভিন্ন সবজির ক্ষেত বানের পানিতে তলিয়ে গেছে।

এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ৯ জুলাই পর্যন্ত ৪ হাজার হেক্টার বিভিন্ন ফষল পানির নিচে রয়েছে।