কাশ্মীরে আততায়ীর গুলিতে বাবা, ভাইসহ বিজেপি নেতা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বাবা ও ভাইসহ এক বিজেপি নেতাকে হত্যা করেছে আততায়ী বন্দুকধারীরা। বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বান্দিপোর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, শেখ ওয়াসিম নামে এই বিজেপি নেতা স্থানীয় থানার ১০০ মিটার দূরত্বে দোকানে বসে বাবা ও ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সে সময় তদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। 

পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওয়াসিম, তার বাবা বসির আহমেদ ও ভাই উমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে এ ঘটনায় গাফিলতির অভিযোগে কাশ্মীরে ১০ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানান, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন । কিন্তু ঘটনার সময়ে তদের কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

ওয়াসিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন। কাশ্মীরে বিজেপিকে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করতে তিনি ভূমিকা রেখেছিলেন। 

পুলিশ এই হত্যাকাণ্ডের জন্য কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের দায়ী করেছে। দুইজন বন্দুকধারী এই হামলা চালায়। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। 

কাশ্মীরে এই প্রথম কোনো বিজেপি নেতা হত্যাকাণ্ডের শিকার হলো। এই ঘটনায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন।