প্রতিদিন ১০/২০ পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে: মান্না

করোনার কারণে এক কোটি থেকে বেশি লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রতিদিন দৃশ্যমান ন্যূনতম ১০/২০ পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এদের সেইভ করা হবে কীভাবে? সরকারের কোনো প্ল্যান নেই।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় মান্না এ কথা বলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন: করোনা ভাইরাস বিপর্যয়ের মধ্যে নির্বাচন কমিশনের আবারও সংবিধান বিরোধী পদক্ষেপ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। আলোচকেরা নিজ নিজ বাসা থেকে এই আলোচনায় যুক্ত হন।

সরকারের প্রণোদনা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নেয়া যায় কিনা। ক্যান ইউ ইমাজিন দেশ কত বড় ক্রাইসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চায়।

রিজেন্ট হাসপাতাল নিয়ে মান্না বলেন, আপনি এখান থেকে অনুমোদন দিয়েছেন হসপিটাল চালানোর জন্য, তাকে টেস্ট করতে দিয়েছে এই করোনা ভাইরাসের। সারা দুনিয়াতে বদনাম হয়েছে। সাহেদ লোকটা যে আওয়ামী লীগের একজন মদদপুষ্ঠ লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী তা স্পষ্ট। সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রোটেকশন নিয়ে চলতো। সরকার তাকে তৈরি করেছে। এরকম একটা দুইটা না। আপনার এন-নাইটি ফাইভ যারা করেছে তারাও। মানুষের যখন মৃত্যুর মিছিল, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময়ে মানবতার সাথে এত বড় বেইমানি করার মতো দল পৃথিবীতে বেশি নাই।