আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা কুসুম মোল্লা ও আলমগীর হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে ৮ জুলাই রাতে ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহতদের স্বজন আজিজুল ইসলাম।
মামলার আসামিরা হলো- বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, তার ভাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়ন মোল্লা, যুবলীগ নেতা আলমগীর, স্থানীয় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ও সপু।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ জুলাই আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার সামছুদ্দিনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের লিখেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অগ্নিকা-ের ঘটনায় দগ্ধ হয়ে ওই বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেম, তার স্ত্রী ফাতেমা ও শিশু সন্তান আলামিন মারা যায়। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন আসামিরা।
এদিকে ৮ জুলাই বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাতেই ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহত আবুল কাশেমের মামা আজিজুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন তাদের স্বজন আজিজুল ইসলাম। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমাদের অভিযান অব্যাহত রয়েছে।