৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ বন্ধ

ইতালি বাংলাদেশ থেকে সব ফ্লাইট অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

কাতার এয়ারওয়েজের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির সরকারের অনুরোধে ইতালিগামী যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা জুলাইয়ের ৮ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় বাংলাদেশে থেকে কোনো যাত্রী ইতালি যেতে পারবে না এবং কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী ইতালি যেতে পারবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।  

মঙ্গল ও বুধবার ঢাকা থেকে রোমে যাওয়া বেশ কিছু যাত্রীর শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এরপর বাংলাদেশ থেকে রোমগামী ফ্লাইটের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী  রবার্তো স্পেরানজা।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকাইডস ও জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যানের কাছে লেখা এক চিঠিতে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেছেন, আমি শেনজেন এবং ইউরোপীয় অঞ্চলের বাইরে থেকে ইউরোপে আগতদের জন্য নতুন কঠোর সতর্কতামূলক যথাযথ ব্যবস্থা বিবেচনার আহ্বান জানাচ্ছি।