‘স্বাস্থ্য অধিদপ্তরের মতামত সাপেক্ষে খেলাধুলা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে দেশের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান করোনা পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে বন্ধ হওয়া ক্রীড়া কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে করণীয় বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে সকল ঘরোয়া খেলায় বডি কন্ট্রাক্ট নেই, সে খেলাগুলো আমরা পুনরায় শুরু করতে চাই। তবে তা অবশ্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে। আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলব। তাদের মতামত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

আর্চার ও শুটাররা আগামী বছর অলিম্পিকে অংশগ্রহণ করবে। স্বাস্থ্য বিধি মেনে কীভাবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা যায়, সেনিয়েও ভাবনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

ফেডারেশনগুলো সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি নিশ্চিত করে কীভাবে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে চায়, সেটি লিখিত আকারে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা প্রদান করেছেন প্রতিমন্ত্রী।

এদিনের সভায় যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সাঁতার, শুটিং, ভলিবল, ভারোত্তলন, হ্যান্ডবল, কারাতে, আর্চারি, মহিলা ক্রীড়া সংস্থা ও তায়কোয়ানদো ফেডারেশনের সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।