সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ইউপি সদস্যের মৃত্যু, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার পাচঁলিয়া বাজার বণিক সমিতি ও হাট ইজারাদারদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাচলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

এ সময় অসুস্থ্য হয়ে ইউপি সদস্য জিল্লুর রহমান মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত জিল্লুর রহমান হাটিকুমরুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও পাচঁলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সদস্য রুহুল আমিন বলেন, গত মঙ্গলবার পাচঁলিয়া বাজার বণিক সমিতির মিটিং করা কথা ছিল। পরে বৃহস্পতিবার সকালে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল বাজার বণিক সমিতি। এ সময় সমিতির সভাপতি আরাফাত রহমানকে হাট ইজারাদার আব্দুল্লাহ ওয়াজেদ গ্রুপের লোকজন মিটিং করতে বাধা দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষ চলাকালে ইউপি সদস্য জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে। এতে সে অসুস্থ্য হয়ে মারা যায়। 

পাচলিয়া বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত রহমান জানান, আমরা বাজার বনিক সমিতির মিটিং করার প্রস্তুতি নিচ্ছিলাম । এ সময় হাট ইজারাদার আব্দুল্লাহ ওয়াজেদ লোকজন নিয়ে এসে বাধা দেয়। ফলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি(তদন্ত) হুমায়ুন করিব জানান, পাচঁলিয়া বাজার বনিক সমিতির ছোট পরিসরে একটি মিটিং এর প্রস্তুতি নিচ্ছিল। এ মিটিং এ বাধা দেয় হাট ইজারাদারদের লোক জন। দুই গ্রুপের লোকজনকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়েও দেয়। ইউপি সদস্য জিল্লুর রহমান কথা বলতে বলেত অসুস্থ্য হয়ে পরেন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান,উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।