চামড়া ব্যবসায়ীদের দ্রুত ঋণ দেওয়ার নির্দেশ

কোরবানির ঈদে ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান যাতে চামড়া কিনতে পারে সে জন্য ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের ক্ষেত্রে সহায়ক জামানত গ্রহণের বিষয়টি নমনীয়ভাবে দেখার জন্যও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি হয়।

৫ জুলাই আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পাদনের লক্ষ্যে প্রকৃত চামড়া ব্যবসায়ীদের কাছে অর্থ প্রবাহ সচল রাখার উদ্দেশ্যে এ খাতে খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। 

এতে ২ শতাংশ ডাউনপেমেন্ট এক বছরের গ্রেস পিরিয়ডসহ ৮ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। সচল এবং প্রকৃত কারণে ক্ষতিগ্রস্তরাই এ সুবিধা পাবেন বলে জানানো হয়। 

এ ছাড়া সুবিধাভোগীরা নতুন ঋণের আবেদন করতে পারবেন বলেও জানানো হয়।

এ সার্কুলারে উল্লেখিত চামড়া ব্যবসায়ী বলতে কাদের বোঝানো হয়েছে সেটা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এর প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করতে নতুন সার্কুলার জারি করল কেন্দ্রীয় বাংক।

এতে বলা হয়েছে, আগের সাকুর্লারে উল্লেখিত ‘চামড়া ব্যবসায়ী’ বলতে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় ও প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্ট ট্যানারি শিল্পসহ চামড়া খাতের সব ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকে বোঝাবে।