বাংলাদেশ টেলিভিশনের স্বর্ণালী যুগের চিত্রগ্রাহক মানিক মিয়া সরকার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
তিনি বলেন, দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন মানিক মিয়া। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক হিসাবে মানিক মিয়া বিভিন্ন অনুষ্ঠান ও নাটকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমার নির্মিত "ভাঙ্গনের শব্দশুনি" এবং " লালমাটি কালো ধূঁয়া" র অন্যতম চিত্রগ্রাহক ছিলেন মানিক মিয়া সরকার। তার কাব্যময় চিত্রগ্রহণ আমার প্রযোজিত নাটক ও অনুষ্ঠানকে নান্দনিক করে করেছিলো। তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি।
সোনালী যুগের সব টেলিভিশন চিত্রগ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসির উদ্দিন ইউসুফ বলেন, 'চিত্রগ্রাহক গোলাম মোস্তফা, মাহমুদুর রহমান, মোজাম্মেল হোসেন বাবু , ইদ্রিছ মিয়া ও মানিক মিয়াসহ একদল সৃষ্টিশীল চিত্রগ্রাহক সেই সাদ-কালো ও রঙিন যুগের প্রারম্ভে অনন্য ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তান টেলিভিশন থেকে বাংলাদেশ টেনিভিশন, এক অনবদ্য যাত্রার কুশলী চিত্রগ্রাহক এই বাঙালি ক্যামেরা পারসনরা। সোনালী যুগের অসাধারণ নাট্য প্রযোজনা তাদের চিত্রগ্রহণের যাদুতে অনবদ্য হয়ে উঠত। মুস্তাফা মনোয়ারের " মুখরা রমণী বশীকরণ" ও রক্তকরবী, আবদুল্লাহ আল মামুনের " বরফ গলা নদী", আতিকুল হক চৌধুরির " বাবার কলম কোথায়", মোস্তাফিজুর রহমানের " শঙ্খনীল কারাগার" সহ অসংখ্য কালজয়ী প্রযোজনার চিত্রগ্রাহক ছিলেন তারা।