নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

 ঝালকাঠিতে নিখোঁজের তিনদিন পর ফারজানা আক্তার নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার রানা পাশা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফারজানা একই গ্রামের ফারুক মুন্সির মেয়ে ও রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে সহপাঠীদের সাথে প্রাইভেট পড়তে যায় ফারজানা। পথে রাস্তার পাশে ফারজানা খালে পা ধোয়ার জন্য নামলে পায়ের স্যান্ডেল পানিতে পড়ে যায় এবং জোয়ারে ভেসে যায়। এ সময় সহপাঠীরা ফারজানাকে স্যান্ডেল ছাড়াই প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বললেও ফারজানা সহপাঠীদের সাথে না গিয়ে খাল থেকে স্যান্ডেল উঠানোর জন্য খালের পাড়ে হাঁটতে থাকে। এর পর থেকেই নিখোঁজ ছিল ফারজানা। গত দুই দিন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খালে ফারজানাকে অনেক খোঁজাখুঁজি করলেও পায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে কিছু দূরে  ফারজানার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ না থাকায় স্কুলছাত্রী ফারজানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।