দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন সাহারা খাতুন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহারা খাতুনের মতো একজন ত্যাগী রাজনীতিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি বাংলাদেশ আওয়ামী লী‌গের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহযোগিতাসহ সব সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি আমৃত্যু সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।

দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি (৭৭) বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।