সৌরভ গাঙ্গুলি বলেছেন, আইপিএলের প্রথম মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খানের কাছ থেকে যথেষ্ট স্বাধীনতা পাননি।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর। তার হাতে নেতৃত্ব তুলে দিয়ে শাহরুখ খান তাকে বলেছিলেন, ‘এটা তোমার দল। তুমি গড়তেও পারো, আবার ভাঙতেও পারো। আমি মাথা গলাব না।’ কিছুদিন আগে গম্ভীর নিজেই জানিয়েছেন একথা।
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ফ্র্যাঞ্চাইজির এমন মানসিকতার প্রশংসা করেও জানালেন, আইপিএলের প্রথম মৌসুমে তিনি শাহরুখের কাছ থেকে ঠিক এটাই চেয়েছিলেন কিন্তু তা পাননি।
সাংবাদিক গৌতম ভট্টাচার্যর সঙ্গে তার ইউটিউব শো জিবি কর্ণারে কথা বলার সময় সৌরভ খোলাখুলি জানান, ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো। সেই সঙ্গে তিনি অধিনায়ক থাকার সময় নাইট রাইডার্সে এমন স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়ে দেন।
সৌরভ বলেন, ‘কিছুদিন আগেই দেখছিলাম গম্ভীর বলেছে যে, শাহরুখ ওকে নিজের মতো করে দল চালাতে বলেছিল। এও বলেছিল যে দলের বিষয়ে ও নাক গলাবে না। চতুর্থ বছরে এসে এটা ওর মনে হয়েছিল। অথচ প্রথম বছরে ঠিক এটাই আমি চেয়েছিলাম। তবে পাইনি।’
সৌরভ আরো বলেন, ‘সেরা আইপিএল ফ্র্যাঞ্চাইজি সেগুলোই, যারা ক্রিকেটারদের উপরেই দল ছেড়ে দেয়। চেন্নাইয়ের দিকে তাকাও, ধোনি দল চালায়। মুম্বাই কখনো রোহিতকে বলে না যে, একে দলে নাও, ওকে দলে নাও।’
নাইট রাইডার্সে থাকাকালীন কোচ জন বুকাননের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে সৌরভ বলেন, ‘চিন্তা-ভাবনার তফাৎটাই এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কোচের মনে হয়েছিল চার জন ক্যাপ্টেন দরকার। সমস্যা তৈরি হয় প্রথম মৌসুমের শেষ দিকে। সমস্যা আমাকে নিয়ে ছিল না। কোচের কাছে সমস্যা ছিল একটা ক্যাপ্টেনে দল পরিচালনার সিস্টেম নিয়ে। পরে ওকেই সরে যেতে হয়।’