বিজিবিতে যুক্ত হলো অল টেরেইন ভেহিক্যাল

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হলো অল টেরেইন ভেহিক্যাল (এটিভি)। আন্তঃসীমান্ত অপরাধ দমন, প্রতিবেশী দেশ থেকে অস্ত্র, বিস্ফোরক, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধে দ্রুত ও কার্যকরভাবে টহল পরিচালনার জন্য এটি বাহিনীটিতে যুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারত ও মিয়ানমারের সঙ্গে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের ৩২৮ কিলোমিটার এলাকা বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় নিñিদ্র নিরাপত্তা, নজরদারি এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলায় সর্বাধুনিক প্রযুক্তির ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ স্থাপন ও সম্প্রসারণের জন্য বিজিবি উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে যশোরের পুটখালী এবং কক্সবাজারের টেকনাফ সীমান্তের ২৩ কিলোমিটার এলাকায় সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন হয়েছে। তাছাড়া টেকনাফ সীমান্তের দমদমিয়া হতে উনচিপ্রাং, উনচিপ্রাং হতে পালংখালী, পালংখালী হতে বাইশফাঁড়ি পর্যন্ত ৪৫ কিলোমিটার, নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে ১৫ কিলোমিটার, দিনাজপুর জেলার হিলি থেকে কয়া পর্যন্ত ১৫ কিলোমিটার, চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর থেকে কয়া সীমান্ত পর্যন্ত ১৫ কিলোমিটারসহ মোট ৯০ কিলোমিটার এলাকায় সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও সময়োপযোগী করার নিমিত্তে বিভিন্ন এলাকায় স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে দ্রুত রেসপন্স প্রদানের জন্য দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে বিজিবি সদস্যদের পাঠানো এবং দুর্গম ও অপ্রচলিত সড়কসমূহে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার জন্য এটিভি সংযোজন করা হয়েছে। এটি কর্দমাক্ত সরু রাস্তা, বালুময় চরাঞ্চল, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়, পাহাড়ি খাড়া রাস্তা এবং যেকোনো দুর্গম রাস্তায় চলাচলের জন্য খুবই উপযুক্ত।