রাজশাহী নগর

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানতে সিটি মেয়রের আহ্বান

মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের হলরুমে নগরীর ওয়ার্ড কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

এ সময় লিটন বলেন, ‘দেশে করোনা সংক্রমণের শুরুতেই রাজশাহীতে জনসচেতনতা সৃষ্টি, বাস চলাচল বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ফলে রাজশাহী সিটি দীর্ঘদিন করোনামুক্ত ছিল। কিন্তু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমনের পর থেকে শহরের করোনা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’ আসছে ঈদুল আজহা সামনে রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে বিপুল মানুষের সমাগম ঘটবে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে পশুর হাটে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’