করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সংস্থাটির নিজেদের ও বিভিন্ন দেশের সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনার জন্য একটি স্বাধীন প্যানেল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষ থেকে ডব্লিউএইচওকে চীন-কেন্দ্রিক হয়ে পড়ার অভিযোগ এবং আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘেব্রেয়াসাস জানান, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলন ক্লার্ক ও লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ প্যানেলের প্রধান ও সদস্য নির্বাচনের জন্য সম্মতি দিয়েছেন।
ডব্লিউএইচও’র ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকে সংস্থাটির প্রধান বলেন, বিষয়টি এমন হেলাফেলার মতো কিছু নয় যেমনটি আমরা সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে তাকে ফেলে রাখি ধুলো জমার জন্য।