হিংসাত্মক সমালোচনার জবাব

করোনা প্রাদুর্ভাবে আর সব খেলার মতো যখন টেনিস বন্ধ হয়েছিল, তখন গত মাসে আদ্রিয়া ট্যুর নামে একটি সিরিজ প্রদর্শনী টেনিসের আয়োজ করেন নোভাক জকোভিচ। কিন্তু তিনি নিজেসহ কয়েকজন খেলোয়াড় আক্রান্ত হন করোনায়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সার্বিয়ার এই কিংবদন্তিকে। সুস্থ হওয়ার পর ক্ষোভ উগড়ে দিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান। বলেন, ভালো কিছুর জন্য এই টুর্নামেন্ট আয়োজন করে অনেকের হিংসার পাত্রে পরিণত হয়েছেন।

আদ্রিয়া টুর্নামেন্ট যখন হয় ইউরোপে তখনো লকডাউন পুরোপুরি ওঠেনি। কিন্তু এর মধ্যেও খেলোয়াড়রা সামাজিক দূরত্বের বিধি ভেঙে বাস্কেটবল খেলেছেন, পার্টি করেছেন, আবার একসঙ্গে আড্ডা দিয়েছেন। গ্যালারিতে ছিল প্রচুর দর্শক। স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। আর এ থেকেই সমালোচনার তীর ছুটে আসে জকোভিচের দিকে। এসব দেখে বিরক্ত জকোভিচ সার্বিয়ার একটি দৈনিককে বলেন, ‘আমি সবদিক থেকে শুধু সমালোচনাই পেলাম এবং এর সবই ছিল হিংসাত্মক। আমার কাছে মনে হয়েছে এটা সমালোচনার চেয়েও বেশি। মানুষ এটা থেকে ইস্যু তৈরি করেছে আর দোষ খুঁজেছে। যেন একটি বড় নামের পেছনে লাগতে পারলেই খুশি সবাই। অথচ আমি টেনিস ও খেলোয়াড়দের স্বার্থের কথা ভেবেই এই সিরিজ আয়োজন করেছিলাম। আমরা সব নিয়ম মেনেই আসর আয়োজন করেছিলাম। কিন্তু ভালো শিক্ষা হয়েছে।’

৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর হবে ইউএস ওপেন। এই আসর দিয়েই করোনার পর গ্র্যান্ড সø্যাম মাঠে ফিরবে। কিন্তু ওই আসরে অংশ নেওয়ার ব্যাপারে এখনো আগ্রহী নন জকোভিচ, ‘আমি এখনো জানি না ইউএস ওপেনে খেলব কিনা। এর আগে সিনসিনাটি ও ওয়াশিংটন ওপেনে অবশ্যই খেলব না। যেহেতু এই টুর্নামেন্টে খেলব না তাই ইউএস ওপেন নিয়েও সিদ্ধান্ত নিতে পারছি না। তবে আরও পরে রোলাঁ গ্যাঁরোতে (ফ্রেঞ্চ ওপেনের জন্য) ফিরতে পারি।’