উইঘুরদের ‘নিপীড়নকারী’ শীর্ষ চীনা নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চীনে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর 'নিপীড়নের' জন্য দায়ী এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

বিবিসি জনায়, উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান চেন কুয়াঙ্গুকে দায়ী করেছে মার্কিন প্রশাসন। 

জিনজিয়াংয়ে তিন সরকারি কর্মকর্তার ওপরেও একই অভিযোগে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র।

উইঘুর মুসলিমদের ডিটেনশন সেন্টারে গণবন্দী, তাদের ওপর ধর্মীয় নিপীড়ন এবং বন্ধ্যাকরণের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত আর্থিক যোগাযোগ ও লেনদেন করতে পারবেন না চেন ও তিন কর্মকর্তা।

ট্রাম্প প্রশাসন জানায়, চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর শক্তিশালী সদস্য চেন। তিনি জিনজিয়াংয়ে শীর্ষ সরকারি কর্মকর্তাও। 

এই প্রথম তার মতো কোনো প্রভাবশালী চীনা ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। সংখ্যালঘুদের ওপর নিপীড়নে বেইজিং সরকারের নীতির প্রকৌশলী হিসেবে দেখা হয় তাকে।