রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ১২টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
মানিকগঞ্জের আটিগ্রাম এলাকার সাদেক আলীর ছেলে দেলোয়ার। স্ত্রী ও দুই ছেলে নিয়ে গ্রামেই থাকতেন তিনি।
ট্রাকের হেলপার আলআমিন হোসেন জানান, রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা আসতেছিলেন। পথে নিউমার্কেট এলাকায় সিগনালে সামনের একটি কাভার্ডভ্যান ইনডিকেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়।
তখন দেলোয়ার ব্রেক করতে না পারলে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে ট্রাকের। এতে তিনি ট্রাকের ভেতরে থাকা অবস্থায়ই গুরুতর আহত হন।
তাৎক্ষণিক দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ড্রাইভারের পাশের সিটে হেলপার আলআমিন বসে থাকলেও তার কোনো আঘাত লাগেনি বলে তিনি জানান।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্দী এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দ মনসুরুল হক আজাদ (৪২)।
কারারক্ষী জুয়েল রানা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজাদের বাবার নাম মৃত সৈয়দ হাসিবুল হক। তিনি কোন মামলার আসামি তা জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুটি মৃতদেহই মর্গে রাখা হয়েছে।