চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই লড়াইটাও হবে আবার জুভেন্তাস তারকা রোনালদোর নিজের দেশ পর্তুগালে।
স্থগিত থাকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। যে ড্র বলছে, ফাইনালে যাওয়ার পথে কঠিন পথ পাড়ি দিতে হবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো ফেভারিট দলকে।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১১ মার্চ ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত ঘোষণা করা হয়। গত ১৭ জুন উয়েফা জানায়, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল টুর্নামেন্ট আকারে শেষ করা হবে। পর্তুগালের লিসবনে ১২ থেকে ২৩ আগস্ট হবে ম্যাচগুলো।
কোয়ার্টার ফাইনালের আগে অসমাপ্ত শেষ ষোলোর চারটি ম্যাচ হবে ৭ ও ৮ আগস্ট। যেখানে ম্যানচেস্টার সিটির মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে আতিথ্য দেবে চেলসিকে, জুভেন্তাস ঘরের মাঠে খেলবে লিওঁর বিপক্ষে, আর বার্সেলোনা নিজেদের মঠে খেলবে নাপোলির বিপক্ষে।
এই চারটি ম্যাচ থেকে পাওয়া যাবে শেষ আটের চারটি দল। আর আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত হয়েছে পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও লাইপজিগের।
শুক্রবারের ড্র বলছে, ১৫ আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি ও রিয়াল ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে জুভেন্তাস ও অলিম্পিক লিঁও ম্যাচের জয়ী দল। অর্থাৎ রিয়াল ও জুভেন্তাস পরের পর্বেই মুখোমুখি হতে পারে।
অন্যদিকে ১৩ আগস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ।
১৪ আগস্টের ম্যাচটি তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে বার্সেলোনা ও নাপোলি ম্যাচের জয়ী দলের বিপক্ষে মুখোমুখি হবে বায়ার্ন ও চেলসি ম্যাচের জয়ী দল।
চতুর্থ কোয়ার্টার-ফাইনালে খেলবে পিএসজি ও আতালান্তা। এই ম্যাচটি হবে ১২ আগস্ট।
দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ আগস্ট। যেখানে প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দল খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ীদের বিপক্ষে। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ীদের বিপক্ষে।
আসরের ফাইনাল ২৩ আগস্ট। করোনার কারণে টুর্নামেন্ট আকারে মাত্র ১২ দিনে শেষ করা হবে চ্যাম্পিয়ন্স লিগের অসমাপ্ত অংশ।