শিশুকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে, চাচাতো ভাই গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে আট বছর বয়সী এক শিশুকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখার ঘটনায় শিশুটির চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিয়াম শেখ নামের শিশুটির লাশ শুক্রবার বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে ওই এলাকার একটি ভবনের কেয়ারটেকার বাশার শেখের ছেলে।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই রাকিবকে (২২) গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে সিয়ামের খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এ কারণে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

জিডি হওয়ার পর সিয়ামের চাচাতো ভাই রাকিবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংকে শিশুটির লাশ পাওয়া যায়।

রাকিবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে সিয়ামকে সে হত্যা করে। পরে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে।