ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫৫)।
ঝালকাঠি প্রতিনিধি জানান, এক সপ্তাহ ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের আনোয়ার হোসেন। শুক্রবার সকালে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার বহদ্দারহাট সংলগ্ন বহদ্দার বাড়ির ওষুধ ব্যবসায়ী শহিদুল ইসলাম বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।