গাজীপুরের গাছায় ভাড়াটিয়া সেজে অপহরণের দুদিন পর মাদারীপুর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শিবচরের কাঁঠালিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে শিশুটিকে অপহরণ করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন। উদ্ধার হওয়া শিশুটির নাম আব্দুল্লাহ (৫)। সে গাছা এলাকার আবদুল কাদেরের ছেলে।
আব্দুল্লাহর মা সাজেদা আক্তার দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক নারী তাদের একটি ঘর ভাড়া নেয়। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে ওই নারী আব্দুল্লাহকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ওই নারী সাজেদার মোবাইলে কল করে আব্দুল্লাহর মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকাও দাবি করে।