বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের বিচার চাইতে গিয়ে এক গৃহবধূ (২০) দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। র‌্যাব বলছে, আগানগর এলাকার ওই ঘটনায় গতকাল শুক্রবার ভোরে স্থানীয় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে তার স্বজনরা জানিয়েছেন। গ্রেপ্তাররা হলোÑ মো. তাইজুল ইসলাম বাপ্পি (২৩), তার সহযোগী মো. ইব্রাহিম (২৮), মো. একরাম (১৮)। তারা সবাই আগানগর এলাকার বাসিন্দা।

নির্যাতিতার স্বজনরা দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার পারিবারিক একটি বিরোধ নিয়ে স্থানীয় ক্লাব ঘরে বিচার চাইতে যান ওই গৃহবধূ। সেখানে থাকা ইব্রাহিম বিষয়টি মীমাংসাও করে দেয়। কিন্তু চলে আসার কিছুক্ষণ পর গৃহবধূকে আবারও ক্লাবে ডেকে পাঠায় বাপ্পি। এরপর বাপ্পি, ইব্রাহিম ও একরাম মিলে দল বেঁধে ধর্ষণ করে তাকে। এ ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ করেন ওই গৃহবধূ।

র‌্যাব-১০ সিপিসি-২-এর ডিএডি বদিউল আলম জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আগানগরের চেয়ারম্যান রোডের নিচতলায় ইব্রাহিমের ইন্টারনেট অফিসে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, শুক্রবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।