লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন জিওভানি ফন ব্রঙ্কহোর্স্ট। সাবেক নেদারল্যান্ডস ও বার্সেলোনা ডিফেন্ডার অবশ্য মেসিকে দেখেছেন খুব ছোট অবস্থায়, মানে সেই ২০০৬ সালে। যেবার মেসি দলে থাকা অবস্থায় প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। ওই সময় থেকেই মেসিকে বার্সেলোনার আজীবনের সম্পদ মনে হয়েছিল ব্রঙ্কহোর্স্টের। ইদানিং মেসির বার্সা ছাড়ার গুঞ্জনগুলো তাই মানতে পারছেন না ৪৫ বছর বয়সী এই সাবেক। তাই জানালেন মেসিকে ছাড়া বার্সেলোনা কল্পনাই করতে পারেন না তিনি। ২০০৭ পর্যন্ত বার্সায় খেলা এই ডিফেন্ডার এখন চাইনিজ লিগের দল গুয়াংজু আরঅ্যান্ডএফের কোচ। সেখান থেকেই এএফপিকে জানালেন, ‘আমি চাইব মেসিকে আজীবন বার্সেলোনায় দেখতে। সে অমন খেলোয়াড়দের একজন যারা পুরো ক্যারিয়ার এক ক্লাবেই খেলে থাকেন। আমি ওকে সেই ১৬ বছর থেকে চিনি। এখন সে ৩৩। আমি বিশ্বাস করি মেসি এখনো সেই আগের মতো সেরা; ফুটবলার হিসেবে এবং মানুষ হিসেবে। আমি জানি সে নিজে থেকেই নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারবে, যা তার পরিবারের জন্যও ভালো হবে। তবে আমি মেসিকে ছাড়া বার্সেলোনা কল্পনাই করতে পারি না। আশা করি বার্সেলোনাও ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারবে।’
তবে মেসি যে বার্সেলোনায় চলতি চুক্তি আরও বাড়াবেন তার কোনো চিহ্নই এখনো পাওয়া যাচ্ছে না। যদিও বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোম্যু বলেছেন মেসি নতুন চুক্তি করতে রাজি হয়েছেন।