অপরাধীর এনকাউন্টারে মৃত্যু নিয়ে কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
সম্প্রতি গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু নিয়ে টুইটারে মন্তব্য করেন তিনি। ‘বদলা’ নায়িকা লেখেন, ‘‘ওয়াও! এর পরেও সবাই বলবে যে আমাদের বলিউডের ছবি নাকি অবাস্তব।’’
পুলিশ জানায়, গত সপ্তাহে বিকাশের গ্রামে অভিযান চালানোর সময় আট কনস্টেবলকে গুলি করে মেরেছিল দুবের দলবল। ধরা পরার পর বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে সড়ক পথে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। তখনই ঘটে গাড়ি দুর্ঘটনা। সেই সুযোগে পালানোর চেষ্টা করে দুবে। তখনই এনকাউন্টারে তার মৃত্যু হয়।
এ ছাড়া পাঠ্যপুস্তক পরিমার্জন নিয়েও প্রশ্ন তোলেন তাপসী।
সিবিএসই ২০২০-২১ সালের সিলেবাস কাটছাঁট করেছে। ফলে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ পড়েছে নাগরিকত্ব, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো জরুরি বিষয়, দশম শ্রেণির সমাজবিজ্ঞান থেকে বাদ গেছে লিঙ্গচেতনা, ধর্ম, জাতিভেদ, গণআন্দোলনের মতো বিষয়।
এই প্রসঙ্গে তাপসী লেখেন, ‘‘কোনো অফিশিয়াল ঘোষণা কি নজর এড়িয়ে গিয়েছে? নাকি ভবিষ্যতে আর এ সবের প্রয়োজনই নেই? যদি শিক্ষাকে আপস করতে হয়, তা হলে কোনো ভবিষ্যৎ নেই।’’
তবে সিবিএসই বিবৃতি দিয়েছে, ছাত্রছাত্রীদের পড়ার চাপ কমাতে শুধু এই শিক্ষাবর্ষের জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।